গাজীপুরে আগুনে পুড়ল ৩৬ বসতঘর

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া ফখরুদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড এলাকায় আগুনে ৩৬টি বসতঘর পুড়ে গেছে।

স্থানীয় ওসমান গণি নামের একজনের মালিকানাধীন বাড়িতে গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ওই বাড়ির ভাড়াটিয়ারা বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক।

ঈদের ছুটিতে বেশিরভাগ ভাড়াটিয়া গ্রামের বাড়িতে চলে যাওয়ায় ঘরগুলো ছিল তালাবদ্ধ। আগুনে এসব ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ফখরুদ্দিন টেক্সাইল মিলে প্যাকিং অপারেটর পদে কর্মরত মঈন খান নামের ক্ষতিগ্রস্ত এক ভাড়াটিয়া জানান, ঈদের ছুটিতে পরিবার নিয়ে বাড়িতে গিয়েছিলেন তিনি। আগুন লাগার খবর পেয়ে আজ সকালে এসে দেখেন তার ঘরের সব আসবাব পুড়ে গেছে।

ফাতেমা বেগম নামের আরেক পোশাক শ্রমিক বলেন, 'আগুনে আমার আর কিছুই থাকল না। ঘরের আসবাব, সঞ্চয় সব শেষ।'

অগ্নিকাণ্ডের বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তী আধা ঘণ্টার ভেতর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।