গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় বিল্লাল হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিল্লাল হোসেনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিল্লাল নামে ওই যুবক গৌরীপুর থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় পৌঁছালে একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এরপর মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বিল্লাল নিহত হন। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।