গাজীপুরে পোশাক কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে তৈরি পোশাক কারখানা এমবিএম কাটিং এজ লিমিটেডের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাত সাড়ে দশটার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার পর প্রথমে ২টি ইউনিট নিয়ন্ত্রণের কাজ শুরু করে ও পরে আরও ৩টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয় বলে জানান তিনি।
আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
মূল কারখানা থেকে কয়েকশ ফুট দূরে এ গুদামটি প্রায় ২৫০ ফুট লম্বা ও ৬০ ফুট প্রশস্ত। একতলা এ গুদামে কাপড় ও কার্টন ছিল।