গুলিস্তানে বাসচাপায় নিহত ২, পুলিশ হেফাজতে এএসআই

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর গুলিস্তানে বাসচাপায় ২ জন নিহতের ঘটনায় পুলিশের এএসআই এমাদুলকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল অঞ্চলের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ।

তিনি জানান. ওই এএসআইয়ের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

আজ বিকেল ৩টার দিকে গুলিস্তানে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের বিপরীত পাশে শ্রাবণ ট্রান্সপোর্ট কোম্পানির একটি বাসের চাপায় ২ জন নিহত ও একজন আহতের ঘটনা ঘটে।

উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, 'গাড়িটি গুলিস্তান এলাকায় একটি দুর্ঘটনা ঘটায়। এতে একজন পুলিশ সদস্য আহত হন। সেসময় গাড়িচালক ও হেলপার পালিয়ে যান। এএসআই তখন গাড়িটি চালিয়ে সেটিকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।'

তিনি আরও বলেন, 'ওই পুলিশ সদস্য থানা হেফাজতে আছেন। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।'