গুলিস্তানে বাসের ধাক্কায় নিহত ২

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর গুলিস্তানে টোলপ্লাজার কাছে মুরগিপট্টি এলাকায় মেঘলা পরিবহনের বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার পর এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ২ জনের মরদেহ এবং কমপক্ষে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন।

ওয়ারী থানার উপ-পরিদর্শক রাজিব চন্দ্র সরকার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মরদেহ দুটি পুলিশের কাছে আছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।'

ফায়ার সার্ভিস জানায়, নিহতদের মধ্যে ২ জনই পুরুষ। এদের মধ্যে ১ জনের বয়স আনুমানিক ২২ বছর। অন্যজনের বয়স ২৯-৩০ এর মধ্যে।

পুলিশ মেঘলা পরিবহনের বাসটিকে আটক করেছে।

271186873_4948923048491341_5927412451631054909_n.jpg
ছবি: সংগৃহীত

এ ঘটনায় আহতরা হলেন, আল আমিন (২৫), ওমর শরীফ (৪৫), ইলিয়াস (৪০) সুজিত দেবনাথ (৪৩) ও নুরুল আমিন (৫৫)।

হাসপাতালে আহত আল আমিন দ্য ডেইলি স্টারকে জানান, তার বাসা শনির আখড়ায়। সকালে বিআরটিসির বাসে করে মেয়র হানিফ ফ্লাইওভারের পকেট গেটে নামেন। একপাশ দিয়ে হেঁটে অল্প একটু দূরে যাওয়ার পরই পেছন থেকে মেঘলা পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, 'সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারা সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।'