গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর গুলিস্তানে ফোয়ারার পাশে ট্রাকের চাপায় একটি খাবার হোটেলের দুই কর্মচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন জাকির হোসেন (৩০) শাকিল (১৫)।

আজ শুক্রবার ভোররাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) কাজী আশরাফুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিহতরা গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে রাজ হোটেলের কর্মচারী। তারা ওই এলাকাতেই থাকতেন।’

‘আজ ভোররাত ১টার দিকে কাজ শেষে গুলিস্তান ফোয়ারার পাশে ডাস্টবিনে হোটেলের ময়লা ফেলতে যায় জাকির ও শাকিল। ময়লা ফেলে হোটেলে ফেরার সময় একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়,’ যোগ করেন তিনি।

ঘটনার পরপরই টহলরত পুলিশ ট্রাকটি জব্দ করে এর চালককে আটক করে পল্টন থানায় নিয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, ‘নিহত জাকিরের বাবার নাম নুরুল ইসলাম। বিস্তারিত কিছু জানা যায়নি।’