গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় মা-ছেলে নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় মা ও তার ৪ বছরের ছেলে নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ শহরের রাজমতি মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জের কেশবপুর গ্রামের মোছা. মারুফ বেগম (৩০) এবং তার ৪ বছরের ছেলে মো. মাহিন হোসেন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশনের দল নেতা মো. আতিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা দুর্ঘটনার খবর পেয়েছি সন্ধ্যা ৬.৫২ মিনিটে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। কিন্তু, হাসপাতালে নেওয়ার আগে মা এবং তার চার বছরের সন্তানের মৃত্যু হয়।'
তিনি আরও বলেন, 'মাহিন এবং তার মা-বাবা একটি মোটরসাইকেলে গোবিন্দগঞ্জ থেকে বগুড়া হাইওয়ে দিয়ে কোথাও যাচ্ছিলেন অথবা রাজমতি মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় রংপুর থেকে গরু বোঝায় ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে মারুফা বেগমের স্বামী আহত হয়েছে কিনা সেটা আমরা জানতে পারিনি।'
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মজিদুল ইসলাম বলেন, 'মা এবং ছেলে ঘটনাস্থলেই মারা গেছেন। তারা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান।'
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে জব্দ করেছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
তবে, চালক এবং তার সহযোগীকে আটক করা হয়েছে কিনা জানতে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসির মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।