গ্রিন রোডে পথচারীদের মাথায় ভেঙে পড়ল ভবনের সানশেড, আহত ২
ঢাকার গ্রিন রোডে একটি ছয় তলা ভবনের সানশেড ভেঙে পড়ে ২ জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, গ্রিন রোডে রাস্তার পাশে একটি ছয় তলা ভবনের ষষ্ঠ তলা থেকে সানশেডটি ভেঙে পড়ে। এতে শফিকুল ইসলাম (৪০) ও এনামুল হক (৪৫) নামের দুজনের মাথায় আঘাত লাগে।
শফিকুল কম্পিউটার কম্পোজের দোকানের ব্যবসা করেন। এনামুল একটি রেস্টুরেন্টের ম্যানেজার।
রেস্টুরেন্টের কর্মচারী আরিফুল ইসলাম জানান, তারা গ্রিনলাইফ হাসপাতালের পাশের একটি মসজিদে নামাজ শেষে প্রতিষ্ঠানে ফিরবার সময় খাজা হোটেলের সানশেড মাথায় ভেঙে পড়ে। আশপাশের লোকজন তাদেরকে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র জানান, একটি পুরাতন ভবনের সানশেড ভেঙে পড়ে দুই পথচারী আহত হওয়ার কথা জেনেছি। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।