ঘরের ওপর ট্রাক, দম্পতি নিহত

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

জামালপুরের দেওয়ানগঞ্জে রাস্তার পাশের একটি ঘরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ে ঘুমন্ত এক কৃষক দম্পতি নিহত হয়েছেন।

আজ সোমবার ভোরে উপজেলার গারোহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জয়নাল আবেদীন (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩৬)।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহাব্বত কবির জানান, ঢাকা-রৌমারী রাস্তার পাশেই জয়নাল আবেদীনের বাড়ি। প্রতিদিনের মতো গতকাল রোববার রাতে নিজেদের ঘরে তিনি ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন।

শেষ রাতের দিকে একটি সারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ঘরের উপর উল্টে পড়ে যায়। জয়নাল ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। তবে পাশের খাটে ঘুমিয়ে থাকা তাদের ২ সন্তান বেঁচে যায়।

পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।