চট্টগ্রামে খালের কাদায় আটকে গিয়েছিলেন নারী
চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় ওসমানিয়া খাল থেকে এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই নারী খালের কাদায় আটকে গিয়েছিলেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কালুরঘাট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আমাদের টিম ওই এলাকায় পৌঁছে। ওই নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। প্রশ্ন করা হলেও তিনি তার নাম-ঠিকানা জানাতে পারেননি। এ থেকে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন। আমরা তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।