চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত, চিকিৎসক আইসিইউতে
চট্টগ্রামের রাউজান উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন প্রকৌশলী নিহত এবং ৫ জন আহত হয়েছেন।
আজ বুধবার সকালে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত প্রকৌশলী পাপন বড়ুয়া (৪০) পিএইচপি গ্রুপে কাজ করতেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পাপন বড়ুয়া বাগোয়ান ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে অটোরিকশাযোগে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে নোয়াপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাপন নিহত হন।'
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ময়নাতদন্তের জন্য পাপনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ওসি জানান, লেগুনাটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। আহতরা রাউজান ও শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, গতকাল রাতে নগরীর কাজীর দেউড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে একজন চিকিৎসক চমেকের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় আছেন।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'আহত সামিনা আক্তার বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক। তিনি ৩ চাকার রিকশাযোগে বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কাজির দেউরি এলাকায় একটি অটোরিকশা তার রিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।'
ওসি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেকে ভর্তি করেন। অটোরিকশাটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
চমেকের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ড. নোমান খালেদ চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'সামিনার অবস্থা আশঙ্কাজনক।'