চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। পুলিশের ধারণা, নিহত নারীর বয়স আনুমানিক ৬৫ বছর।

আজ শুক্রবার দুপুরে দুটি অটোরিকশার সংঘর্ষে তিনি নিহত হন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই নারী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে, জানান সাদেকুর রহমান।