চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসক সামিনা মারা গেছেন
চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন চিকিৎসক সামিনা আক্তার মারা গেছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।
সামিনার ভাতিজি নানজিবা দ্য ডেইলি স্টারকে জানান, তার ফুপু ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) এমবিবিএসের ৫ম ব্যাচের ছাত্রী ছিলেন। কয়েক বছর আগে তিনি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের আইসিইউতে যোগ দেন।
'মঙ্গলবার রাতে নগরীর মেহেদীবাগ এলাকার নিজ বাসা থেকে রিকশাযোগে তিনি একটি দাওয়াতে যাচ্ছিলেন', যোগ করেন তিনি।
রাত ৯টার দিকে কাজীর দেউড়ি এলাকায় সামিনার রিকশাকে একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করার পর তাকে আইসিইউতে নেওয়া হয়।
চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনায় সামিনার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গতরাতে তার অস্ত্রোপচার করা হয়। পরে তার অবস্থার অবনতি হয় এবং সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
সামিনার স্বামীও একজন চিকিৎসক। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।