চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় নিহত ২

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর গ্রামে ভটভটির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- রাজশাহীর তানোর উপজেলার আইড়ার মোড় এলাকার মুখলেসুর রহমানের ছেলে মজিবুর রহমান (৩৯) ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাফজুল হোসেনের মেয়ে রুবিনা খাতুন (১৮)।

গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মজিবুর ও তার আত্মীয় রুবিনা নওগাঁর সরাইগাছি থেকে মোটরসাইকেলে আসছিলেন। সকাল ১১টার দিকে বড় দাদপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলচালক মজিবুর এবং আহত হন রুবিনা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে রুবিনাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু, তিনি আধা ঘণ্টা পর হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।