জয়পুরহাটে কার্ভাড ভ্যানের ধাক্কায় নিহত ২

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

জয়পুরহাটের আক্কেলপুরে কার্ভাড ভ্যানের ধাক্কায় ভ্যানচালক ও এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

আজ শনিবার দুপুর ২টায় আক্কেলপুর-জয়পুরহাট সড়কের আক্কেলপুর পৌর এলাকার কেসের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, আক্কেলপুর উপজেলার চক রঘুনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ভ্যানচালক সুজন হোসেন (৪০) ও একই উপজেলার পূর্বমাতাপুর গ্রামের বাবর আলী ছেলে সাব্বির হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, উপজেলার পূর্বমাতাপুর গ্রামের বাবর আলীর মেয়ে সুমাইয়া খাতুন তার মা ও বড় ভাই সাব্বিরকে নিয়ে শনিবার সকালে আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম  শ্রেণিতে ভর্তি হতে আসেন।  ভর্তি শেষে তারা ৩ জন একটি ভ্যানে চড়ে বাড়িতে ফিরছিলেন।

দুপুর ২টার দিকে তাদের বহনকারী ভ্যানটি কেসের মোড়ে পৌঁছালে ভ্যানের একটি চাকা ভেঙে গতি হারিয়ে ফেলে। এসময় জয়পুরহাট থেকে দ্রুতগতিতে আসা একটি কার্ভাড ভ্যান ওই যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সুজন হোসেন ও সাব্বির হোসেন মারা যান।

স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, 'কার্ভাড ভ্যানটি আটক করা হয়েছে। কার্ভাড ভ্যানের চালক ও সহকারী পলাতক রয়েছেন।'