জয়পুরহাটে গাছচাপায় ২ ভাই নিহত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গাছের নিচে চাপা পড়ে মোসাদ্দেকুল (৫) ও মোস্তাফিজুর রহমান (১১) নামের ২ ভাই নিহত হয়েছে।
আজ বুধবার বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
তারা উপজেলার জয়হার গ্রামের আবু ছায়েমের ছেলে।
আবু ছায়েম জানান, গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে জমির ধারে কয়েকজন শ্রমিক গাছ কাটছিলেন। এ সময় তার ২ ছেলে মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফিরছিল। ওই গাছের নিচ দিয়ে হাঁটার সময় গুঁড়ি উপড়ে গাছ তাদের উপর পড়ে।
এতে ২ জনই গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ২ জন মারা যায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'