জয়পুরহাটে ৪ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৬
জয়পুরহাটে ৪টি মোটরসাইকেলের সংঘর্ষে জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানার ছেলে হৃদয় হোসেন (১৮) মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
আজ মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দরগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার বিকেলে কয়েকজন বন্ধুসহ হৃদয় ২টি মোটরসাইকেলে হিলি থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। জয়পুরহাট-হিলি সড়কে দরগাপাড়ায় পৌঁছালে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট থেকে হিলির দিকে যাওয়া অপর ২টি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে হৃদয় ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় আহতরা হলেন-নওগাঁর বদলগাছী উপজেলার আল আমিন (৪০), একই উপজেলার মাসুদ রানা (৪০), জয়পুরহাটের কালাই উপজেলার আল আমিন (৩০), একই উপজেলার নাজমুল (৩০), মো. রনি (২০), মো. ছাব্বির (৩০), হারুঞ্জা গ্রামের নাজমুল (২২)।
খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান বলে ওসি জানান।
ওসি আরও জানান, আহতদের মধ্যে রনি, আল আমিন ও সাব্বিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।