ঝালকাঠিতে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর

ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ‍্যানের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন এবং অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার পিংড়ি মোবারককাঠীতে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বরিশাল থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে আব্দুল্লাহ নামের একটি যাত্রীবাহী বাস পিরোজপুর যাওয়ার পথে খুলনা থেকে ১৩ জন শ্রমিক নিয়ে বরিশালগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার মারা যান। 

সুপারভাইজারের নাম দুলাল খান (৫৫)। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার দবদবিয়া গ্রামের মজিদ খানের ছেলে। 

দুর্ঘটনার খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সোহেল জানান, খবর পেয়ে থানার কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে সুপারভাইজার দুলাল বাসটির চালকের আসনে ছিলেন।