টাঙ্গাইলে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় বাবা-মেয়ে-নাতি নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুর সোয়া ২ টার দিকে কালিহাতী উপজেলার হাতিয়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হচ্ছেন- ঘাটাইল উপজেলার গারট্ট গ্রামের অটোরিকশা চালক তায়েবুল হোসেন (৪৩), তায়বুলের মেয়ে তাহমিনা বেগম (২৫), ও তাহমিনার এক বছর বয়সী ছেলে তাওহীদ। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, দুপু‌রে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্স‌প্রেস ট্রেন‌টি বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশ‌নে যা‌চ্ছিল। এসময় রেললাই‌নের হা‌তিয়া অর‌ক্ষিত রেলক্রসিং দি‌য়ে এক‌টি অ‌টো‌রিকশা পার হওয়ার সময় ট্রেনের সা‌থে ধাক্কা লা‌গে।

এলেঙ্গা ফায়ার সার্ভস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, অটোচালক তায়েবুল তার মেয়ে তাহমিনা এবং নাতি তাওহীদকে তাহমিনার শ্বশুর বাড়ি হাতিয়া থেকে নিয়ে গ্রামের বাড়ি ঘাটাইলের গারট্ট যাচ্ছিলেন।

হাতিয়াতে অরক্ষিত রেল ক্রসিং পাড় হবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের ঢাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তায়েবুর এবং তাওহীদ নিহত হয়। গুরুতর আহত তাহমিনাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেরারেল হাসপাতালে পাঠানো হলে তাহমিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  

টাঙ্গাইলের রেলওয়ে পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশগুলি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।