টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন।

আজ শুক্রবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এতে নিহতরা হলেন, অটোরিকশা চালক রমজান আলী (৫৫) ও যাত্রী রীনা আক্তার (৩০)। রমজান কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা ও রীনা বীরবাসিন্দা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা পিকআপটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থেলেই ২ জন নিহত হন। আহত হন অটোরিকশায় থাকা আরও ৬ যাত্রী।

আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশাটি জব্দ করে থানায় আনা হয়েছে। অটোরিকশার চালক পালিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ ২টি যার যার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।