টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীসহ ২ জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার সকালে উপজেলার বোয়ালী এবং কালিয়ান পাড়ায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন কালিয়ান গ্রামের বেলু মিয়ার ছেলে কালিয়ান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী কাউসার আহমেদ (১৬) এবং বরিশাল জেলার আগৈলঝরা উপজেলার রাঙতা গ্রামের পিকআপ চালক রফিকুল ইসলাম (৩০)।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, কাউসার আহমেদ মোটর সাইকেলযোগে সখীপুর থেকে কালিয়ান খানা পাড়ার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
অপরদিকে, ঢাকা-সখীপুর সড়কের বোয়ালী পেট্রোল পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ সড়কের পাশের আম গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই চালক রফিকুল ইসলাম নিহত হন।
এ সময় পিকআপের আরোহী সিরাজ মিয়া (৪৫) গুরুতর আহত হন। তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান, ২ দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।