টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ স্কুল শিক্ষার্থী নিহত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে আরোহী ৩ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ সোমবার ঘাটাইল-ধলাপাড়া সড়কের ধলাপাড়া সরিষা আটা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন—উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ (১৬), শাহ জালালের ছেলে আবু বক্কর (১৬) ও মৃত রমজান আলীর ছেলে সাইম (১৬)। তারা ৩ জনই স্থানীয় ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এজাহারুল ইসলাম ভূইয়া বলেন, 'সকালে ওই ৩ শিক্ষার্থী একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়েছিল। অতিরিক্ত গতিতে থাকা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।'
'খবর পেয়ে স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন,' যোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'