ট্রাকের গ্যাস সিলিন্ডার থেকে আগুন: দগ্ধ ২ জনের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

নারায়ণগঞ্জে ফতুল্লার পাগলায় ট্রাকের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে নারী ও শিশুসহ দগ্ধ ১০ জনের মধ্যে ২ জন মারা গেছেন।

আজ সোমবার ভোররাত সাড়ে ১২টার দিকে আলম (৪৫) এবং সকাল ৮টার দিকে জজ মিয়া (৪৫) মারা যান।

গতকাল রোববার দুপুর দেড়টার দিকে আগুনের ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে ৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আলম ও জজ মিয়া মারা গেছেন।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, আলমের শরীরের প্রায় ১০০ শতাংশ এবং জজ মিয়ার শরীরে ৮০ শতাংশ দগ্ধ ছিল।

দগ্ধ জজ মিয়ার ভাই নাজমুল হাসান জানান, তাদের বাসা নারায়ণগঞ্জ ফতুল্লার পাগলা আলীগঞ্জে। আজ দুপুরে ট্রাকের একটি গ্যাস সিলিন্ডার তাদের বাসার কাছে রাখা হয়। সেখান থেকে গ্যাস বের হচ্ছিল। এ সময় সিলিন্ডারের পাশে ফেলা সিগারেটের আগুন থেকে গ্যাসে আগুন লেগে যায় এবং তা কয়েকটি বাড়ির ভেতরে চলে যায়।