বাগেরহাট

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

বাগেরহাটের রামপালে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার রাত ৮টার দিকে মংলা-খুলনা মহাসড়কের রামপালের বাবুর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাহাঙ্গীর হোসেন (৫২) ও তার স্ত্রী রেহেনা বেগম। তারা বাগেরহাটের মংলা উপজেলার দিগরাজ এলাকার বাসিন্দা।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সারওয়ার জানান, জাহাঙ্গীর দম্পতি খুলনা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা বাবুর বাড়িতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেহেনা বেগমের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে জাহাঙ্গীর হোসেনও মারা যান।