ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মিলন বাজারে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, পীরগঞ্জ উপজেলার ভাকুরা গ্রামের করিমুল ইসলাম (৪৫) ও তার ছোট ছেলে আরমান ইসলাম (১৪)। এ ছাড়া দুর্ঘটনায় করিমুলের আরেক ছেলে আহত হয়েছেন।
পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে জানান, করিমুল তার ২ ছেলেকে নিয়ে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়ক দিয়ে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ থেকে গ্রামের দিকে যাচ্ছিলেন।
তারা মিলন বাজারে পৌঁছালে ঠাকুরগাঁওগামী একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই করিমুলের মৃত্যু হয় এবং তার দুই ছেলে আরমান ও আরজুমান ইসলাম আহত হয়।
স্থানীয় লোকজন দুই ভাইকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ভর্তির পর ছোট ছেলে আরমান মারা যান। সামান্য আহত অবস্থায় আরজুমান প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেন।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।