ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ৩ অটোরিকশা যাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত ও তিন জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বোর্ড অফিস এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের বাসিন্দা মজিবর রহমান (৪৫), আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি এলাকার বাসিন্দা চঞ্চল (৩৫) ও কচুবাড়ি এলাকার সুরজ আলীর ছেলে অটোচালক গোলাম মোস্তাফা (৪৫)।

আহতরা হলেন- কচুবাড়ি এলাকার মোটাই মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৪০) ও সদরের সালন্দর ইউনিয়নের শিংপাড়া গ্রামের সফির উদ্দীনের ছেলে রবিউল ইসলাম (৩৩)।

ময়দানদিঘী হাইওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি হাফিজুর বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও শহর থেকে একটি ট্রাক পঞ্চগড়ে যাওয়ার পথে বোর্ড অফিস এলাকায় পৌঁছালে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের পূর্ব দিকের সড়ক থেকে একটি মোটরসাইকেল পঞ্চগড় মহাসড়কে ওঠে। এসময় পঞ্চগড়গামী ট্রাকটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে পশ্চিমে চাপিয়ে নেয়। এতে করে মহাসড়কে দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে ধাক্কা দেয় ট্রাকটি। এদিকে পশ্চিম দিক থেকে আসা ট্রাকটিও মহাসড়কে থাকা ট্রাক এবং অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মজিবর এবং চঞ্চল নিহত হন।’

‘পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় অটোরিকশার চালক গোলাম মোস্তফা ও যাত্রী রঞ্জিত, জহিরুল ইসলাম, এবং রবিউল ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এসময় চিকিৎসাধীন অবস্থায় গোলাম মোস্তফার মৃত্যু হয়,’ যোগ করেন তিনি।

আহত রঞ্জিতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর ও অন্য দুজনকে ঠাকুরগাঁও হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।