ডুবে যাওয়া ফেরি থেকে মালামাল সরিয়ে নিচ্ছে ডুবুরি দল

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রো রো ফেরি শাহ আমানত উদ্ধারের প্রাথমিক কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ শনিবার দুপুরে বিআইডব্লিউটিএ'র পরিচালক মো. শাহজাহান গণমাধ্যমকে বলেন, বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের আরও একটি উইন্স বার্জ (উদ্ধারকারী বিশেষ জাহাজ) আজ সকালে পাটুরিয়ায় এসেছে। এ নিয়ে ৩টি বার্জ এলো। আরও ৩টি পথে আছে, আশা করা যাচ্ছে আজকের মধ্যে বাকিগুলো পন্টুনসহ পাটুরিয়ায় চলে আসবে।

তিনি বলেন, আমাদের প্রাথমিক পর্যায়ের কাজ শেষ, কাল থেকে ফেরিটি আস্তে আস্তে তোলার চেষ্টা করা হবে। এখন আমাদের এবং জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। ছোটখাটো মালামাল তুলে এনে ফেরির ওজন কমানোর চেষ্টা করা হচ্ছে। ফেরিটি মূল নদীতে থাকলে এত সমস্যা হতো না। এখানে পানি আছে, কাদাও আছে। যে কারণে সময় লাগছে।

এদিন উদ্ধার কাজ পরিদর্শন করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিটির সিনিয়র সহসভাপতি মো. মজাহারুল হক প্রধান বলেন, মন্ত্রণালয় তদন্ত করছে, বিআইডব্লিউটিএ তদন্ত করছে। আমরা সংসদীয় কমিটির পক্ষ থেকে একটা তদন্ত করছি। কে দায়ী সেটা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না। নৌযানটি এখনো উদ্ধার হয়নি। উদ্ধার হলে ফেরির তলায় ফুটো আছে কি না, পানি ঢুকেছে কি না জানা যাবে। পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পরে বলা যাবে।