ডুবে যাওয়া ফেরি আমানত শাহ হস্তান্তরে লাগবে আরও ২ দিন

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহ সোজা করা হয়েছে। তবে এখনো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। ফেরিটি হস্তান্তরে আরও ২ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান।

আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা জানিয়েছেন। ফজলুর রহমান বলেন, গতকাল বিকেলের দিকে ফেরিটি সোজা করার পর থেকে পানি ও বিভিন্ন ধরনের মালামাল অপসারণ এবং পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। এ ছাড়া, ফেরির বিভিন্ন স্থানে ছিদ্র হয়েছে। সেগুলো বন্ধ করা হচ্ছে। এসব কাজ শেষ হতে আরও ২ দিন সময় লাগবে। তারপর আমরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাছে হস্তান্তর করবো।

গত ২৭ অক্টোবর সকাল সাড়ে ৯টায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহন নিয়ে ডুবে যায় রো রো ফেরি আমানত শাহ। ৪ দিনের অভিযানে যানবাহনগুলো নদী থেকে উদ্ধার করা হয়। বিআইডব্লিউটিএ'র উদ্ধারকারী জাহাজের সক্ষমতা না থাকায় বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডকে ডুবে যাওয়া ফেরি উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়।