ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে ঘটনাস্থলে ‘প্রত্যয়’
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়' ঘটনাস্থলে এসে পৌঁছেছে।
রোববার রাত ১০টায় সদর উপজেলার কয়লাঘাট এলাকায় পৌঁছায় প্রত্যয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খুব শিগগির লঞ্চটি পানি থেকে তোলার কাজ শুরু হবে বলে জানান তিনি।
রোববার দুপুরে একটি কার্গোর ধাক্কায় প্রায় অর্ধশত যাত্রীসহ ডুবে যায় লঞ্চ এম এল আফসার উদ্দিন।
ফায়ার সার্ভিসের ডুবুরিরা সন্ধ্যার দিকে লঞ্চটিকে পানির নিচে শনাক্ত করে।
উদ্ধার কাজে নিয়োজিত ডুবুরিরা লঞ্চের ভেতর থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজকের মতো উদ্ধারকাজ স্থগিত করা হলেও, ডুবে যাওয়া লঞ্চটিতে তল্লাশি চালানো হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

