ডেমরায় নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানী ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে কাউছার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার তাকে মৃত ঘোষণা করেন।

কাউছারের বাবার নাম আহমেদ। তার বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলায়। আহমেদ স্টাফ কোয়র্টার এলাকার ওই বাড়িতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। বাড়িটির নিচ তলায় সপরিবারে বসবাস করেন। ৫ ভাইয়ের মধ্যে কাউছার ছিল ছোট।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে আহমেদ বলেন, সকালে অন্য ছেলেদের সঙ্গে ৫ তলার ছাদে ঘুড়ি উড়াতে গিয়েছিল কাউছার। হঠাৎ নির্মাণাধীন বাড়ির ছাদে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায় সে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক কাউছারকে মৃত ঘোষণা করেন।

কাউছারের মা শিরিনা বেগম জানান, দুর্ঘটনার সময় তার ২ ভাই সঙ্গেই ছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে।