ডেমরায় বাসের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকার ডেমরার স্টাফকোয়ার্টার এলাকায় বাসের ধাক্কায় আব্দুল মালেক তালুকদার (৫২) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ২ বাসের মাঝখান দিয়ে রাস্তা পার হওয়ার সময় আহত হন তিনি। পরে রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান এবং নিহতের স্ত্রী ফরিদা আক্তার জানান, মালেক তালুকদার ডেমরার ধীৎপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। পরিবার নিয়ে ডেমরার সারুলিয়া এলাকায় থাকতেন তিনি।

আজ দুপুরে তিনি স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তা পার হচ্ছিলেন। সেখানে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছন দিক দিয়ে যাওয়ার সময় আরেকটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজী হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মালেক তালুকদার মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, এ ঘটনায় অছিম পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।