ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মো. নেয়ামত উল ইসলাম তামিম (২৭) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। 

শনিবার রাত ৮টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসয়ের ঢাকামুখী সার্ভিসলেনে এ ঘটনা ঘটেছে। 

হাসাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তামিম মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেলতলী গ্রামের আবুল হোসেন শেখের ছেলে। সে স্থানীয় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

এসআই মো. আনিসুর রহমান বলেন, 'একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বালুতে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তামিম। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

তিনি আরও বলেন, 'মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'