তুরাগে ট্রলারডুবি: বুড়িগঙ্গা ও ধলেশ্বরী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর আমিনবাজারে শনিবার ভোরে তুরাগ নদে ট্রলারডুবির ঘটনার ২ দিন পর আজ বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার বসিলা এলাকা থেকে ফায়ার সার্ভিস বুড়িগঙ্গা নদী থেকে ৩০ বছর বয়সী এক নারীর ও নৌ-পুলিশ দুপুর দেড়টার দিকে ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকা থেকে ২ বছর বয়সী একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে।

আমিনবাজার নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, আজ উদ্ধার হওয়া রুপায়ন বেগম ও তার মেয়ে জিয়াসমিনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় ৭ জনের মরদেহ উদ্ধার হলো।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আমিনবাজারের কয়লার ঘাট এলাকায় তুরাগ নদে বালুবাহী কার্গোর ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। সেদিন বিকেল পর্যন্ত মোট ৫ জনের মরদেহ উদ্ধার হয়েছিল ও ২ জন নিখোঁজ ছিল।