তুরাগে ট্রলারডুবি: আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার অভিযান
রাজধানীর আমিন বাজারে আজ শনিবার ভোরে তুরাগ নদে ট্রলারডুবিতে এ পর্যন্ত নিখোঁজ পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনো দুই জন নিখোঁজ থাকায় আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হবে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, বিকেল পৌনে পাঁচটার দিকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ।
আজ ভোর সাড়ে ৫টার দিকে আমিন বাজারের কয়লার ঘাট এলাকায় তুরাগ নদে বালুবাহী কার্গোর ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। সকাল পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিকেলে কোস্ট গার্ড উদ্ধার কাজে যোগ দেয়।
ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক দীনমনি শর্মা সাংবাদিকদের বলেন, নদীর স্রোত এবং আলোক স্বল্পতায় সন্ধ্যা ৬টায় আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, আমাদের দল রাতে নদীতে টহল দেবে। এখনো দুই জন নিখোঁজ থাকায় সকালে আবার উদ্ধার অভিযান শুরু হবে। ট্রলারডুবির জন্য দায়ী কার্গোটিকে পুলিশ শনাক্ত করার চেষ্টা করছে।