তুরাগ নদে বল তুলতে নেমে ২ কিশোর নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার সাভারের কাউন্দিয়া ইউনিয়নের ত্রিশ ফুট এলাকায় তুরাগ নদে ফুটবল তুলতে নেমে দুই কিশোর নিখোঁজ হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এই  ঘটনা ঘটে।

কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে রাজধানীর মিরপুর এলাকা থেকে ছয় কিশোর কাউন্দিয়া এলাকার তুরাগ নদের পাড়ের ত্রিশ ফুট বালুরচর মাঠে ফুটবল খেলতে যায়। এ সময় তাদের বলটি নদীতে পড়ে যায়, পরে নদে বল তুলতে নেমে ওই দুই কিশোর নিখোঁজ হয়। ঘটনার পর মিরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে নিখোঁজ কিশোরদের উদ্ধারে অভিযান শুরু করেছে।

ফায়ার সার্ভিসের পাঁচ জন ডুবুরি তল্লাশি চালাচ্ছিল বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তবে, তাৎক্ষনিকভাবে নিখোঁজ কিশোরদের বিস্তারিত পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ফুটবল খেলার সময় বল নদীতে পড়ে গেলে আলভী (১৩) ও রিয়াদ (১২) নামে দুই কিশোর বলটি তুলতে নামে। কিন্তু, প্রচণ্ড স্রোত থাকায় তারা দু'জন পাড়ে উঠতে পারেনি।