তেঁতুলিয়ায় ট্রাকচাপায় কিশোরের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় সাদেকুল ইসলাম সোহান (১২) নিহত হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলীডাঙ্গী এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেকুল ইসলাম ওই এলাকার তজিব উদ্দিনের ছেলে। সে স্থানীয় বাংলাবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন বলেন, 'বিকেলে সাদেকুল ইসলাম বাইসাইকেল নিয়ে বাড়ির সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক পার হচ্ছিল। এ সময় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী একটি পাথরবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি মহাসড়কে ফেলে চালক পালিয়ে গেছে।'
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, 'ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।'