দিনাজপুরে তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

দিনাজপুরে গ্যাস ওয়েল্ডিং মেশিনের সাহায্যে খালি তেলের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণে এক জন নিহত হয়েছেন।

নিহত স্বপন চন্দ্র রায়ের বাড়ি দিনাজপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামে। রামডুবিতে গ্রামে তার ওয়েল্ডিংয়ের দোকানে এই দুর্ঘটনা ঘটে।

ধাতব ড্রামের এক দিক কেটে ফেলে ঢাকনা লাগিয়ে অনেকেই শস্য সংরক্ষণে ব্যবহার করেন। এই উদ্দেশ্য থেকেই স্বপনের দোকানে একজন ড্রামটি নিয়ে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বপন তার গ্যাস ওয়েল্ডিং মেশিন দিয়ে কাটতে শুরু করার পরই ড্রামটি বিস্ফোরিত হয়। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

দিনাজপুর সদর থানার ওসি মোজাফফর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ছিপি বন্ধ থাকা অবস্থায় স্বপন ড্রামটি কাটছিলেন। এতে ড্রামের বাতাস গরম হয়ে ভেতরের চাপ বেড়ে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ড্রামটির ছিপি খোলা থাকলে এই দুর্ঘটনা ঘটত না।

পুলিশ লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে বলে জানান ওসি।