দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

নিজস্ব সংবাদাতা, দিনাজপুর

দিনাজপুরের ঘোড়াঘাট ও পার্বতীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরাহিমপুর গুচ্ছগ্রাম সড়ক দুর্ঘটনায় একজন ট্রাক চালক নিহত ও একজন হেলপার আহত হয়েছেন। 

নিহত ট্রাক চালকের নাম আক্তার হোসেন (৩৮)। তিনি গাজীপুরের কালিয়াকৈরের দেলোয়ার হোসেনের ছেলে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানিয়েছে, ঘনকুয়াশার কারণে বিরাহিমপুর এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সে সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা আসবাবপত্র বোঝাই রাজশাহীগামী আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ওই ট্রাকের চালক নিহত হন ও হেলপার আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে নিহত ড্রাইভারের মরদেহ উদ্ধার করে এবং আহত হেলপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ছাড়া, পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় শাহাজাহান আলী (৭০) ও আশরাফ আলী (৩৫) নামে দুজন ঘটনাস্থলে নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন জিয়ারুল হক (৩৬) ও মনির হোসেন (২৬)। 

পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের ভবানীপুরের পশ্চিম শেরপুর এলাকায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শাহাজাহান আলী বাইসাইকেলে করে ওষুধ কিনতে ভবানীপুর বাজার যাওয়ার পথে বিশ্বরোডে উঠলে নওগাঁ থেকে আসা একটি পিকআপ ভ্যান সাইকেল আরোহীকে চাপা দেয়। এ সময় পিকআপ উল্টে গেলে সেটির ওপরে থাকা দুজন ছিটকে রাস্তায় পড়লে একজন ঘটনাস্থলে মারা যান। 

ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবুল বাশার দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'