দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ স্কুলছাত্রসহ নিহত ৪

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ স্কুলছাত্রসহ ৪ জন নিহত হয়েছেন। আজ রোববার বীরগঞ্জ ও বিরামপুর উপজেলায় এই দুই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বীরগঞ্জের কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মো. মুজাহিদ কাজী, নবম শ্রেণির ছাত্র মো. শাহাদত হোসেন ও মো. শাহরিয়ার শুভ এবং বিরামপুরের সবজি বিক্রেতা রাজিব উদ্দিন।

নিহত স্কুলছাত্রদের বন্ধু জিহাদ ইসলাম দ্য ডেইলি স্টারকে জানায়, কাজী নজরুল উচ্চ বিদ্যালয়ে নতুন ক্লাসে ভর্তি হওয়ার পর আজ দুপুরে দুই বন্ধু শাহাদত ও মুজাহিদকে নিয়ে বাবার মোটরসাইকেলে করে ঘুরতে বের হয় শাহরিয়ার। দুপুর দেড়টার দিকে তারা দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের চাকাই নামক স্থানে একটি মাইক্রোবাসকে ওভারটেক করার সময় ঠাকুরগাঁওগামী একটি ট্রাক তাদের পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নীচে চাপা পড়ে শাহাদত ও শাহরিয়ার শুভ ঘটনাস্থলেই নিহত হয় এবং মুজাহিদ গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত মুজাহিদকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিম তামান্না ঈশিতা তাকে মৃত ঘোষণা করেন।

শাহরিয়ার বীরগঞ্জের মাকড়াই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। শাহাদত ও মুজাহিদ একই গ্রামের আফসার আলী ও শুকুর আলীর ছেলে।

বীরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মেরাজ আলী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

এদিকে, সকালে বিরামপুরে পিকআপ ভ্যানের চাপায় রাজিব উদ্দিন নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, 'বিরামপুরের কাটলা বাজারের সবজি ব্যবসায়ী রাজিব উদ্দিন সকালে বিরামপুর থেকে সবজি কিনে রিকশাভ্যানে করে ফিরছিলেন। পথে বিরামপুর পৌর এলাকার দোয়েল মোড়ে একটি পিকআপ ভ্যান ওই রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রাজিব। তাকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বির ইবনে মঞ্জুর তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজিব কাটলা ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত ছইমদ্দিনের ছেলে।'

ওসি আরও বলেন, 'স্বজনদের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।'