দিনাজপুরে বিকল ট্রাকে ধাক্কা দিয়ে ট্রেন লাইনচ্যুত
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বালুবোঝাই ড্রামট্রাককে ধাক্কা দিয়ে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার কারণে দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার মনমথপুর-চিরিরবন্দর আউটার সিগন্যালের পাশে যশাই মোড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ওই ট্রেনে কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আব্দুল্লাহ আল মোকারম জানান, ভোর ৪টার দিকে দোলনচাঁপা এক্সপ্রেসের খালি গাড়ি নিয়ে দিনাজপুরে যাওয়ার সময় যশাই মোড়ের পাশে ৬ নম্বর রেলগেট পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। গেট খোলা ছিল, লাইনে বালুবোঝাই একটি ড্রামট্রাক বিকল হয়ে ছিল। ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ট্রেনচালক আব্দুর রশিদ সরকার গুরুতর আহত হয়েছেন। ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হওয়ার পাশাপাশি ইঞ্জিনের সঙ্গে থাকা গার্ড ব্রেকটি (৫৩০৫) লাইনের পাশে উল্টে যায়।
এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।