দ্য ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর বেতন পেল হাসেম ফুডের কর্মীরা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে। তবে বকেয়া রয়েছে ঈদ বোনাস এবং ওভারটাইমের টাকা। বেতন পেলেও কারখানা খোলা নিয়ে শ্রমিকদের দুশ্চিন্তা কাটেনি।
‘মালিক গ্রেপ্তার কারখানা বন্ধ, বেতন-বোনাস অনিশ্চয়তায় হাসেম ফুডের কর্মীরা’ শিরোনামে আজ দ্য ডেইলি স্টারে সংবাদ প্রকাশ হওয়ার পরই কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়। গত শুক্রবার কারখানাটির একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫১ জন নিহত হন।
হাসেম ফুট কারখানায় নুডুলস সেকশনে কাজ করতেন মো. নাহিদ। অগ্নিকাণ্ডে তার এক সহকর্মী নিখোঁজ রয়েছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঈদ আইসা গেছে এখন বেতন দিবো কিনা এ নিয়ে চিন্তায় ছিলাম। মেসের খাবার বিল, রুম ভাড়া সব কিছুই বাকি ছিল। আগুন লাগার কথা শুইনা টাকার জন্য বেশি চাপ দিতেছিল। বেতন পেয়ে ভালো লাগতাছে।’
দিপা রানী দাস বলেন, ‘ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, দোকান বাকি ছিল। বেতন পাওয়ায় আমাদের জন্য ভালো হয়েছে। এখন কারখানা কবে খুলবে কিছুই বলেনি। কারখানা না খুললে কি কইরা খামু।’
সরেজমিনে দেখা যায়, বেতনের জন্য সকাল থেকেই কারখানার মূল ফটকের সামনে শ্রমিকেরা অপেক্ষায় ছিলেন। বেতন দেওয়া হবে কিনা তখনও ঘোষণা দেওয়া হয়নি। বেলা ২টার দিকে বেতন পরিশোধ করার কথা মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপরই শ্রমিকদের কারখানার ভেতরে ঢুকতে দেওয়া হয়। বিকেল ৪টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত কয়েক ভাগে শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়।
হাসেম ফুড লিমিটেডের ম্যানেজার মো. নূরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের কারখানায় দুই হাজারের বেশি শ্রমিক কাজ করেন। এছাড়া অফিস স্টাফ, আনসারসহ অন্যান্য সদস্যরা আছেন। এর মধ্যে ৮০ ভাগ শ্রমিকের বেতন পরিশোধ করে দেওয়া হয়েছে। যারা আজ বেতন নিতে আসেনি আগামীকাল তাদের বেতন দিয়ে দেওয়া হবে।’
ওভারটাইম ও ঈদ বোনাস প্রসঙ্গে তিনি বলেন, ‘একদিনে ওভারটাইম ও বোনাস দেওয়া সম্ভব হয়নি। আগামী ১৮ জুলাই ওভারটাইম, বোনাসের টাকা পরিশোধ করা হবে। এটা শ্রমিকদের বলে দেওয়া হয়েছে। তারাও খুশি হয়ে বাসায় ফিরে গেছে।’
কারখানা কবে থেকে চালু হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এ মুহূর্তে বলা কঠিন। কারণ আগুনের ঘটনাটি বিভিন্ন সংস্থা তদন্ত করছে। ফায়ার সার্ভিস থেকেও নির্দেশনা পাওয়া যায়নি। সব শেষ হলে আশা করছি আগস্টের প্রথম সপ্তাহ থেকেই কারখানা চালু হয়ে যাবে। শ্রমিকদের মোবাইলে এসএমএসের মাধ্যমে নির্দেশনা দেওয়া হবে।’