ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীতে ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী লঞ্চ এমভি সুরভী-৭-এর সঙ্গে একটি বাল্কহেডের ধাক্কায় বালকহেডটি নদীতে ডুবে গেছে বলে জানিয়েছেন লঞ্চের যাত্রীরা।
বুধবার রাত ১১টার দিকে মুন্সিগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে এই দুর্ঘটনা ঘটে।
এ দুঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় যাত্রীবাহী লঞ্চের সামনের অংশ ছিদ্র হয়ে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে লঞ্চটি নদীর তীরে রাখা হয়।
সুরভী-৭ লঞ্চের মালিক রিয়াজুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'যাত্রীদের উদ্ধার করতে কীর্তনাখোলা নামের লঞ্চ পাঠানো হয়েছে।'
ওই লঞ্চের যাত্রী, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, রাত ১১টার দিকে লঞ্চের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ হলে বাল্কহেডটি ডুবে যায়। এই সময়ে বাল্কহেডের শ্রমিকদের নদীতে সাঁতরিয়ে তীরে উঠতে দেখা যায়।
এ বিষয়ে বিআইডব্লিউটির-এর যুগ্মপরিচালক, নদীবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, লঞ্চের সামনের দিকে সামান্য ছিদ্র হয়ে গেছে। তাই সেটি নোঙর করে অন্য লঞ্চে করে যাত্রীদের বহন করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।