ধলেশ্বরী থেকে ২ মরদেহ উদ্ধার, নৌকাডুবিতে নিখোঁজ ছিলেন বলে ধারণা
নারায়ণগঞ্জের কাশিপুরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক যুবক ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
আজ রোববার কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আমাদের প্রাথমিক ধারণা, গত ৫ জানুয়ারির নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে এই ২ জন ছিলেন। আমরা বিষয়টি নিশ্চিত হতে নৌপুলিশ এবং নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সঙ্গে যাচাই-বাছাইয়ের চেষ্টা করছি।'
উল্লেখ্য, গত বুধবার সকাল ৮টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় অন্তত ৫০ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে যায়।
এ ঘটনায় নিখোঁজ ৯ জনের নাম পাওয়া যায়। তারা হলেন, আব্দুল্লাহ, মোতালেব, সাব্বির, বিল্লাল হোসেন, জেসমিন আক্তার, তামীম খান, তাফসিয়া, তাসমিম ওরফে তাসলিমা ও আওলাদ।
নিখোঁজ জেসমিন আক্তারের বড় ভাই বিল্লাল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'জেসমিন আক্তার, তামীম, তাফসিয়া ও তাসমিম একই পরিবারের সদস্য। তামীম জেসমিন আক্তারের ছেলে এবং তাফসিয়া ও তাসমিম তার ২ মেয়ে।'