ধামরাইয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার ধামরাইয়ে বাসচাপায় আতিয়ার মোল্লা (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম দ‍্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল ৯টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আতিয়ার মোল্লা ফরিদপুরের কৃষ্ণনগর গ্রামের কাশেম মোল্লার ছেলে।

মনিরুল ইসলাম আরও জানান, সকালে ফরিদপুর থেকে মোটরসাইকেলে সাভারে আসছিলেন আতিয়ার। ডাউটিয়া এলাকায় সেলফি পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে। আমরা মরদেহ উদ্ধার করেছি।