নরসিংদীতে কাভার্ড ভ্যান-লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৬

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ছয় জন নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ মিয়া দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় নিশ্চিত করেছেন তিনি। তারা হলেন- সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দেওয়ানগঞ্জ গ্রামের আল-আমিন (১০), নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের হাফিজুল ইসলাম (৪৬) ও গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার চাঁন মিয়া (৫৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পাঁচদোনা থেকে একটি কাভার্ড ভ্যান টঙ্গীর দিকে যাচ্ছিল। ভাটপাড়া টাকশাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক ঘোড়াশাল থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ দুই জন নিহত হন এবং পাঁচ জন আহত হন।

আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও চার জনের মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা ইউসুফ মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। কাভার্ড ভ্যানটিকে জব্দ করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।