নাঙ্গলকোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার নাঙ্গলকোটে হিলিয়াম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৫ শিশুসহ ৪০ জন আহত হওয়ার ১৭ দিন পর সাব্বির হোসেন (১৪) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টায় রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।

গত ১৩ জানুয়ারি বিকেলে কুমিল্লার নাঙ্গোলকোট উপজেলার মকোড়া ইউনিয়নের বিরোলী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। মৌসুমী ফেরিওয়ালা আনোয়ার হোসেন তার বাড়ির উঠানে বেলুন ফোলানোর সময় বেলুন থেকে হিলিয়াম গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। 

নিহত সাব্বির হোসেন (১৪) নাঙ্গোলকোট উপজেলার মকোড়া ইউনিয়নের মালিপাড়ার সালাউদ্দিন ও খালেদা বেগমের ছেলে। গত ২৪ জানুয়ারি থেকে সাব্বির আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। সাব্বিরের বাবা দ্য ডেইলি স্টারকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরোলিতে হিলিয়াম সিলিন্ডার বিস্ফোরণে আহত ৬ রোগী এখনো শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে বেলুন বিক্রেতা আনোয়ার হোসেন (৩৫), আব্দুর রব (২৭), সাইফুল ইসলাম (১২) ও ইমন হোসেকে (১৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।