নাটোরে বসত ঘরে আগুন, শতবর্ষী নারীর মৃত্যু
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের আগপুরুলিয়া গ্রামে আগুনে পুড়ে মারা গেছেন শতবর্ষী বৃদ্ধা গুলজান বেগম। অগ্নিকাণ্ডে একই পরিবারের ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
নিহত গুলজান বেগম আগপুরুলিয়া গ্রামের মৃত আব্দুল সরকারের স্ত্রী। তার বয়স ১০৫ বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ওসি আবদুল মতিন।
ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৩টার দিকে পুরুলিয়া বাজার সংলগ্ন খড় ব্যবসায়ী বক্কার আলীর খড়ের পালা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় নগদ টাকা, আসবাবপত্র, ফসলাদিসহ ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে গুরুদাসপুর, বনপাড়া ও নাটোরের ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনেন।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, 'খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।'
এলাকাবাসী জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে আবু বক্কারের খড়ের পালা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হাকিম আলী, কলিমদ্দিন, ছবের উদ্দিন, সবুজ আলী, জরিপ আলী, আবু বক্কার, জব্বার আলী, মোহাম্মদ আলী, ছলিম আলীর ৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। জেলা প্রশাসক ভুক্তভোগী পরিবারকে নগদ ২০ হাজার টাকা এবং শুকনো খাবার সামগ্রী দিয়েছেন।