নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নিজস্ব সংবাদদাতা, নাটোর

নাটোরের গুরুদাসপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছে। আজ রোববার দুপুরে নাটোরের জেলা পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুপুর দেড়টার দিকে উপজেলার কাছিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পাঁচ জন ও হাসপাতালে নেওয়ার পরে একজনের মৃত্যু হয়।

লিটন কুমার সাহা আরও জানিয়েছেন, নিহতদের মধ্যে চার জন পুরুষ ও দুই জন নারী। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি মিনি ট্রাকে কিছু মানুষ ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে আনার পরে এক নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নাটোর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।