নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরের চৌগাছায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মারা গেছে ৫ বছরের বাবু (৫)। আজ শুক্রবার দুপুর ৩টার দিকে পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

বাবু যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পাতিবিলা গ্রামের ইউপি সদস্য খায়রুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে বাবু। শুক্রবার দুপুরে  গ্রামের অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় সে। পরে স্থানীয়রা বাবুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু, চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ জানান, 'নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুটি মারা গেছে। তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।'