নারায়ণগঞ্জে এক্সকাভেটরের পেছনে মিনিবাসের ধাক্কা, নিহত ৩
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রাস্তা সংস্কার কাজে ব্যবহৃত এক্সকাভেটরের পেছনে ধাক্কা দিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এ ঘটনায় দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন।
আজ সোমবার রাত ৮টায় উপজেলার দেওয়ানবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
বন্দর থানাধীন ধামগড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নবাব সিরাজদৌল্লাহ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'একটি পরিবহনের মিনিবাস ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। দেওয়ানবাগ এলাকায় পৌঁছালে রাস্তার সংস্কার কাজ করা এক্সকাভেটরের পিছনে ধাক্কা দেয় বাসটি। ফলে, বাসটি উল্টে যায়। এতে বাসে থাকা রাসেলসহ আরও দুই নারী ঘটনাস্থলে নিহত হন। আহত হন বাসের অন্য যাত্রীরা।'
তিনি আরও বলেন, 'আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। ফলে, তাৎক্ষনিকভাবে আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।'
প্রত্যক্ষদর্শীদের বরাত এই পুলিশ কর্মকর্তা বলেন, 'বাসটির অধিকাংশ যাত্রী ছিলেন গার্মেন্টস শ্রমিক। স্থানীয় একটি গার্মেন্টস ছুটি হওয়ার পর অনেক শ্রমিক এ বাসে করে বাসায় যাচ্ছিল। নিহত তিন জন গার্মেন্টস শ্রমিক হতে পারে। তবে পরিচয় শনাক্তের পর বিস্তারিত বলা যাবে।'
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাস্থল থেকে দুই নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এছাড়াও সওজের এক্সকাভেটসহ মিনিবাসটি আটক করা হয়েছে। দুই পরিবহনের চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'